নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো মাদরাসায়, নিহত ১
যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাদরাসা ও এতিমখানায় ঢুকে পড়েছে বাস। এতে রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে যাত্রীবিহীন বাসটি যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে পৌঁছালে বাসটি সড়কের বাঁ পাশে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা মাদরাসা ও এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
এ সময় বাসের চালকের সহকারী মানিক ফকির আহত হন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।
মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা বলেন, বাসটি মাদরাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ভবনের অনেক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদরাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী ছিল। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসোনা খাতুন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানা হেফাজতে রয়েছে।
মিলন রহমান/কেএইচকে
