‘তুমি একা নও নেপাল’, চ্যাম্পিয়ন্স লিগের সংহতি
নেপালের ভয়াবহ বন্যা হতবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। সেই বন্যায় নিহতদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
সোমবার উয়েফা ঘোষণা দিয়েছে, চলটি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচের আগে পালন করা হবে এক মিনিট নীরবতা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে প্রদর্শন করা হবে ‘তুমি একা নও নেপাল’ লেখা ব্যানার।
গত ২৬ আগস্ট চীনের সীমান্তবর্তী নেপাল অঞ্চলে হিমবাহ ধসে ত্রিশুলি নদীতে বরফ, পাথর ও কাদার স্রোত নেমে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু শহর ও গ্রাম বিধ্বস্ত হয়।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ২৯৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৫৩ জন।
উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন এক বিবৃতিতে বলেন, ‘এই সপ্তাহের ম্যাচগুলোর আগে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার একসঙ্গে দাঁড়িয়ে নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানাবে।’
তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ বিপর্যয় ও এর পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের মানুষের শক্তি ও ধৈর্য কামনা করি।’
আজ মঙ্গলবার শুরু হচ্ছে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব। প্রথম ম্যাচডেতেই থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই।
আইএন
