খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আত্মত্যাগী মায়ের মূর্ত প্রতীক
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্রের জন্য আত্মত্যাগী মায়ের মূর্ত প্রতীক। তার নেতৃত্ব ও ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজ আমাদের নেতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, জনগণ তারেক রহমানের হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছে। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ‘জীবনে সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘তোমরা সবাই আগামী দিনে স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের প্রত্যাশা একটি সুন্দর ও আধুনিক চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা। তোমাদের হাত ধরেই সেই প্রত্যাশা পূরণ হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।’
আইএইচটির শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেকে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এশিয়ার বিভিন্ন দেশেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে মিনু বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সেই জাতি, যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। আমরা সেই জাতি, যারা প্রতিকূল অবস্থার মধ্যেও স্বাধীনতার জন্য লড়াই করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি।’
বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।
তিনি বলেন, এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দেশ পরিচালনা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মিজানুর রহমান মিনু বলেন, ‘তাদের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ সেই সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।’
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।
মনির হোসেন মাহিন/কেজে/এএসএম
