এটা আমার জায়গা, অনেক মিস করি : শিমু
শোবিজ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
গতকাল (৬সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা এলাকায় ‘ফিরে আসার গল্প’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন সুমাইয়া শিমু। সেখানেই কথা হয় তার সঙ্গে। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে কেমন লাগছে জানতে চাইলে শিমু বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটা আমার জায়গা। এই জায়গাটাকে আমি অনেক মিস করি। এখানে কাজ করতে পারছি, এটা আমার ভালো লাগছে।’
নতুন এই ধারাবাহিকের কাজ ভালো হবে কি না, তা নিয়ে এখনই কিছু বলতে চান না শিমু। তবে নিজের জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘ভালো হবে না খারাপ হবে সেটা এখন বলা মুশকিল। আমরা তো সবাই আমাদের মতো করে চেষ্টা করব। সবাই ভালো কাজটাই করতে চাই। তবে আমার ভালো লাগছে যে আমি কাজটা করতে পারছি।’
‘এফএনএফ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ললিতা’, ‘স্বপ্নচূড়া’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান সুমাইয়া শিমু। সর্বশেষ তাকে দেখা গেছে ‘লেট ড্রাইভ লেন’ ধারাবাহিকে।
এত দিন পর আবার ধারাবাহিকে ফেরার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। শিমু বলেন, বর্তমানে যারা নিয়মিত অভিনয় করছেন, তাদের অনেকের সঙ্গেই এখনো কাজ করার সুযোগ হয়নি তাঁর। ‘ফিরে আসার গল্প’-এ টিনি, বাসারসহ আরও অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছেন তিনি।
নতুন প্রজন্মের শিল্পীদের কাছ থেকেও শেখার আগ্রহ রয়েছে শিমুর। তিনি বলেন, ‘আমার যারা সিনিয়র আছেন যেমন সেলিম ভাই, জাহিদ ভাই, মিঠু আপাসহ আরও অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। এখন যারা নিয়মিত কাজ করছে, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।’

বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের কাজ দেখে নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ দেখছেন শিমু। তার মতে, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়ের কোন জায়গাগুলোতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটিও শেখা সম্ভব হবে। তাই এই ফেরাকে নতুন করে শুরু করার চেয়ে শেখার একটি সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
২০২৩ সালে যমজ সন্তানের মা হন সুমাইয়া শিমু। সন্তানদের সময় দিতে গিয়েই শোবিজ থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছিলেন তিনি। সংসার ও সন্তান সামলে আবারও তিনি ফিরলেন তার প্রিয় আঙিনায়। দেখা যাক, ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে দর্শকের হৃদয়ে আগের সেই ভালোবাসার আসনটি ফিরে পান কি না।
এমআই/এলআইএ


