আদালত থেকে পালানো আসামি দুদিন পর গ্রেফতার
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মমিনকে (২২) আবার গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও চুরির মামলা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে হাজতে নেওয়ার পর পুলিশকে ধাক্কা মেরে দোতলা থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যান আব্দুল মমিন।
এরপর বিষয়টি প্রকাশ্যে এলে বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হয় এবং পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয়। পরে আব্দুল মমিনকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারিসহ একাধিক দল মাঠে নামে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আবার গ্রেফতার করা হয়।
এম এ মালেক/কেজে/এএসএম
