২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সময় টেলিভিশনের তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই মামলায় তার জামিন আবেদনও নাকচ করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ১০ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী সালেহ উদ্দিন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। পরে আহমেদ জোবায়েরের জামিন চাওয়া হলেও আদালত তা মঞ্জুর করেননি।
এরপর প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা আরেকটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে তার জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ওই আদালতও জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর প্রতিষ্ঠানের দুটি গাড়ি এবং উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি সেগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া সময় টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপের পক্ষ থেকে এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি তাতে কোনো সাড়া দেননি বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন সময় টেলিভিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। মামলার অন্য আসামিরা হলেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা, ছেলে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।
মামলাটি দায়েরের তারিখ নিয়ে নথিতে ২০২৫ সালের ৫ মে ও ১০ মে—দুটি তথ্য উল্লেখ রয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
মামলার পর আদালত ১৭ জুন আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ওই দিন তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এরপর ১৮ জুন আহমেদ জোবায়ের, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তিনজনকে জামিন দিলেও আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এমডিএএ/এমআইএইচএস
