September 2, 2026

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

0
soybean-mtjy2gyqnt4pils-20260902162424.jpg


সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকরা মোট এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় টাকা উত্তোলনের আবেদন নেওয়া হয়। আবেদন করতে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা যায়। ব্যাংক কর্মকর্তারাও গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।

ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম মেনেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

মূল টাকা তোলার সুযোগ, মিলবে না মুনাফা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের জমা অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ পর্যায়ে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা উত্তোলনের সুযোগ থাকছে না।

কোনো আমানতকারী মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে আমানত ফেরতের আগে পাওনা অর্থ থেকে তা সমন্বয় করা হবে।

তবে যেসব গ্রাহক এখনই তাদের আমানত তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।

মেয়াদি আমানত নির্ধারিত সময়ের আগে ভাঙলে গ্রাহক মূল টাকা ফেরত পেলেও ওই অর্থের ওপর মুনাফা পাবেন না। তবে কোনো গ্রাহক আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

ইএআর/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *