সপরিবারে শিক্ষক হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা। পুলিশ এ মামলার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী।
পরে বিকেলে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তোফায়েল আহমেদ বলেন, ‘এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। আমরা বিশ্বাস করি, আমরা মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে আছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মামলাটি তদন্তাধীন বিষয়, এটা নিয়ে আসলে ডিসক্লোজ করার বিষয় নেই। বাট আপনাদেরকে আমরা একটু আপডেট দিতে পারি যে, আসামিদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলার রহস্য উদঘাটনে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছি।’
এর আগে সোমবার (৩১ আগস্ট) আদালতে দুই আসামির তিন দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। তবে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো অভিযুক্ত দুই আসামিকে জিজ্ঞাসাবাদে করা হলো।
জিতু কবীর/এসআর/জেআইএম


