September 10, 2026

লিভারপুলের ওপর চরম ক্ষুব্ধ আর্জেন্টাইন তারকা ফুটবলার

0
og_1789049953_6aa2bc6123972.jpeg


অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ার খবর তাকে ‘খুব, খুব কষ্ট’ দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে গ্রীষ্মের দলবদলে ক্লাব ছাড়ার সুযোগ থাকলেও অ্যানফিল্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের চুক্তির বিষয়টি খোলাখুলি জানিয়েছেন ম্যাক অ্যালিস্টার। সেখানেই তিনি নিশ্চিত করেন, গ্রীষ্মের দলবদলের সময় ক্লাব কর্তৃপক্ষ তাকে জানিয়েছিল, এই মুহূর্তে নতুন চুক্তি দেওয়ার অবস্থায় তারা নেই।

বিষয়টি শুনে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ম্যাক অ্যালিস্টার। বিশেষ করে তার সতীর্থ রায়ান গ্রাভেনবার্খ ও ডমিনিক সবজলাই নতুন চুক্তি পাওয়ার পর নিজের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত তাকে আরও কষ্ট দিয়েছে।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি খবরটি পেয়েছিলাম যে ক্লাব আমাকে নতুন চুক্তি দেওয়ার অবস্থায় নেই। অবশ্যই এতে আমি খুব, খুব কষ্ট পেয়েছি। কারণ সবাই দেখতে পারে, আমি এই ক্লাবের জন্য প্রতিদিন অনুশীলন ও ম্যাচে নিজের শতভাগ দিই। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

সতীর্থদের নতুন চুক্তি পাওয়ায় খুশি হলেও নিজের ক্ষেত্রে একই সুযোগ না পাওয়াটা তাকে হতাশ করেছে বলেও জানান আর্জেন্টাইন মিডফিল্ডার।

‘আমি ডমিনিক ও রায়ানকে নতুন চুক্তি করতে দেখেছি। তাদের জন্য আমি খুব খুশি, কারণ তারা এটা প্রাপ্য। কিন্তু একই সঙ্গে আমার নিজের চুক্তি না হওয়ায় একটু কষ্টও পেয়েছি।’

তবে হতাশা থেকেই লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নেননি ম্যাক অ্যালিস্টার। গ্রীষ্মে অন্য ক্লাব থেকে প্রস্তাব বা চলে যাওয়ার সুযোগ থাকলেও তিনি অ্যানফিল্ডে থাকার পথই বেছে নিয়েছেন।

‘এই গ্রীষ্মে আমার চলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়, আমি সঠিক ক্লাবেই আছি এবং আমার মানসিকতাও ঠিক আছে। এই ক্লাবের জন্য আমি শতভাগ দিতে চাই।’

২০২৩ সালে ব্রাইটন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ম্যাক অ্যালিস্টার। মাঝমাঠে তার পাসিং, বল নিয়ন্ত্রণ ও খেলা তৈরির দক্ষতা লিভারপুলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে নতুন চুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে তার হতাশা প্রকাশ্যে আসায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা আপাতত বিষয়টি নিয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে চাননি। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে চুক্তি নিয়ে তার ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

ইরাওলা বলেন, ‘শেষ পর্যন্ত আমাদের সবারই ব্যক্তিগত পরিস্থিতি আছে এবং ক্লাবের সঙ্গে সবার চুক্তিও আলাদা। এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখানে থাকতে চায়।’

ম্যাক অ্যালিস্টারকে নিজের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও দেখছেন ইরাওলা। লিভারপুলের নতুন কোচ জানান, অল্প সময়ের মধ্যে একসঙ্গে কাজ করলেও ম্যাক অ্যালিস্টার ইতোমধ্যেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং প্রচুর মিনিট খেলেছেন।

‘ফুটবলের দিক থেকে আমরা খুব বেশি সময় একসঙ্গে কাজ করিনি। কিন্তু সে গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক মিনিট খেলেছে। আমি তাকে খুবই উঁচু মানের খেলোয়াড় হিসেবে দেখি। চুক্তির বিষয় নিয়ে কথা বলার জন্য অবশ্যই সামনে সময় আছে।’

আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *