প্রবাসী স্বামীর সঙ্গে মনোমালিন্য, নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াছমিন আক্তার (৩৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াছমিন আক্তার রাউজান উপজেলার পূর্ব রাউজান কাজীপাড়া এলাকার কবির আহম্মদের মেয়ে। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার প্রবাসী চিসতিয়াকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াছমিন চিকনদণ্ডীর বেপারীপাড়া এলাকায় একটি ভবনের নিচতলায় একটি কক্ষে ভাড়া থাকতেন। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ হতো। এসব কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়াছমিনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমআইএইচএস
