প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করল তুরস্ক ও মিশর
প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (MoU) সই করেছে মিশর ও তুরস্ক। বসনিয়া ও হার্জেগোভিনায় অনুষ্ঠিত বলকান শিল্ড ইন্ডাস্ট্রিয়াল এক্সপো অ্যান্ড সামিট ২০২৬-এর সাইডলাইন বৈঠকে মিলিত হন দুই দেশের প্রতিনিধিরা। ওই বৈঠকে দুই দেশের কয়েকটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।
আনাদোলু এজেন্সির তথ্য মতে, মিশরের হেলিওপোলিস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও হেলওয়ান কোম্পানি ফর ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজের সঙ্গে এ সমঝোতা চুক্তিতে সই করেছে তুরস্কের মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (MKE)।
মিশরের সামরিক উৎপাদনবিষয়ক প্রতিমন্ত্রী সালাহ সোলেইমান জেমবালাত বলেন, এই চুক্তি দুই দেশের শিল্প অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি করবে এবং প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বিনিময়ের পথ খুলবে।
তুরস্কের উপ-প্রতিরক্ষামন্ত্রীও মিশর-তুরস্ক সম্পর্কের অগ্রগতির কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা বলয় তৈরী হয়েছে। মক্কা প্রতিরক্ষা জোট নামে পরিচিত এ বলয়ে মিশরের যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে তুরস্ক। দুই দেশের মধ্যে নতুন এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মক্কা জোটে মিশরের যোগ দেওয়া আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
কেএম
