নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘ওসমান হাদির ফটোকপি’ বললেন মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। তবে ক্ষমতায় যাওয়ার পর তাদের বন্ধুরা আগের প্রতিশ্রুতি ভুলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি একথা বলেন।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের লংমার্চকে স্বাগত জানিয়েছে।
নিজের একটি ‘ভুলের’ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আজ আমি একটি ভুল করেছি। চ্যাটজিপিটিতে গিয়ে বিএনপির ৩১ দফা লিখেছিলাম। সেখানে চ্যাটজিপিটি আমাকে একটি তথ্য দিয়েছে ছয় মাসে বিএনপি তাদের নিজেদের ৩১ জন নেতাকর্মীকে হত্যা করেছে।
মঞ্জু বলেন, আজকে আমি আরেকটি ভুল করেছি। তারা স্বপ্ন দেখেছিলেন, কোনো ক্যাম্পাসে হল দখল হবে না, কোনো ক্যাম্পাসে নির্যাতন হবে না, কোনো নারী নির্যাতনের শিকার হবে না। তারা আরও স্বপ্ন দেখেছিলেন, তাদের বন্ধুরা যখন ক্ষমতায় যাবে, তখন তারা তাদের বলা কথাগুলো মনে রাখবে। কিন্তু বন্ধুরা ক্ষমতায় যাওয়ার পর সবকিছু ভুলে গেছেন।
এ সময় এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর হাত তুলে ধরে মঞ্জু বলেন, এটা আরেকটা ওসমান হাদির ফটোকপি। তাদের দাবি যদি মানা না হয়, তাহলে তারা প্রত্যেকে ওসমান হাদি হয়ে যাবেন।
মঞ্জুর বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও উঠে আসে। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।
১১ দলীয় জোটের এ লংমার্চ ও সমাপনী সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানানো হয়।
এমআরএএইচ/জেএইচ
