ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
ফেনীর দাগনভূঞায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে নিজাম উদ্দিন নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার ওই মাদরাসার হেফজখানার এক আবাসিক ছাত্র গত ১ আগস্ট রাতে বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর ছাত্রের বাবা বাদী হয়ে ২৯ আগস্ট দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদ ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশের একটি দল নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুল্লাহ আল-মামুন/এফএ
