September 11, 2026

কোদাল হাতে খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের

0
2-20260912034535.jpg


চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর ৭ নম্বর ওয়ার্ডের কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৮টার দিকে কোদাল হাতে নিয়ে খাল পরিষ্কারে অংশ নেন এমপি হুমাম কাদের। তিনি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে খালের বিভিন্ন অংশে জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও কচুরিপানা অপসারণ করেন।

এসময় হুমাম কাদের চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

কুলকুরমাই খালটি রোয়াজারহাট বাজার ও কুলকুরমাই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুমাই বিল ও ইছামতী নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশনে খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয়দের দাবি, খালের পানি ব্যবহার করে কুলকুরমাই, মুরাদনগরসহ আশপাশের প্রায় ৩০০ একর জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়।

দীর্ঘদিন ধরে খালে ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও কচুরিপানা জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। কোথাও কোথাও পানি স্থির হয়ে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছিল। এতে কৃষিকাজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।

স্থানীয় কৃষক রফিক উদ্দিন বলেন, এই খালের পানির ওপর অনেক কৃষকের চাষাবাদ নির্ভর করে। খালটি নিয়মিত পরিষ্কার রাখা গেলে এবং দখল-দূষণ বন্ধ করা গেলে কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বাবর বলেন, খালের বিভিন্ন স্থানে ময়লা ও কচুরিপানা জমে পরিবেশ নষ্ট হচ্ছিল। এখন পরিষ্কার করার উদ্যোগ নেওয়ায় খালের চেহারা বদলাতে শুরু করেছে। তবে পরিষ্কার করার পর যেন কেউ আবার খালে ময়লা ফেলতে না পারে, সে ব্যবস্থা করতে হবে।

স্থানীয়দের মতে, একদিনের পরিচ্ছন্নতা অভিযান দিয়ে খাল রক্ষা করা সম্ভব নয়। নিয়মিত ময়লা অপসারণের পাশাপাশি খালে বর্জ্য ফেলা বন্ধ, দখলমুক্ত রাখা এবং পানিপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে খাল রক্ষায় স্থানীয়দেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এমআরএএইচ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *