September 4, 2026

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

0
og_1788426159_6a9937af42cbd.jpeg


কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ দাবি জানান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, কটিয়াদী সরকারি কলেজ ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির খেলার মাঠ নিচু হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে সেখানে দীর্ঘ সময় পানি জমে থাকে। ফলে প্রায় চার থেকে পাঁচ মাস শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চা থেকে বঞ্চিত হয়।

এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ কাদাযুক্ত হয়ে পড়ে এবং সেখানে মশার উপদ্রব বাড়ে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সমস্যা সমাধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং মাঠের চারপাশে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এমপি মো. জালাল উদ্দিন।

চিঠিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

এসকে রাসেল/এফএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *