September 7, 2026

এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ আইন কর্মকর্তার পদত্যাগ

0
tribunal-mtrlrek2nkiuppe-20260908010055.jpg


অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) পদত্যাগপত্র দেওয়া অপর চার আইন কর্মকর্তা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা।

অন্তর্বর্তী সরকারের সময়ে আবদুল জব্বার ভুঞাসহ তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ১৩ আগস্ট নিয়োগ দেওয়া হয়।

পদত্যাগপত্র দেওয়ার বিষয়ে আবদুল জব্বার ভুঞা জাগো নিউজকে বলেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর বিকেলে পদত্যাগপত্র দিয়েছি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান।

এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে এসব নিয়োগ দেওয়া হয়।

পদত্যাগপত্র দেওয়া অপর চার আইন কর্মকর্তার মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা গত ৩০ জুলাই নিয়োগ পেয়েছিলেন।

ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে সুলতানা আকতার রুবি জাগো নিউজকে বলেন, রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে।

মামুন চৌধুরীও ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে আজ তার কাছে পদত্যাগপত্র দিয়েছি।

রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন জানিয়ে রোহানী সিদ্দিকা জাগো নিউজকে বলেন, ব্যক্তিগতভাবে আইন পেশা পরিচালনা করবো। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।

প্রোজ্জল চাকমাও একই কারণে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানান।

এফএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *