জুলাই গণঅভ্যুত্থানে হামলার মামলায় গ্রেফতার শাহজাহান ওমর
জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার দাবি করে এতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক মিরপুর মডেল থানার ওই মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যে অভিযোগে গ্রেফতার
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর সুইমিং পুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে মামলা করা হয়।
পুলিশের আবেদনে বলা হয়, মামলাটির তদন্ত করতে গিয়ে এতে শাহজাহান ওমরের সম্পৃক্ততার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে কোন সাক্ষ্য বা কী ধরনের তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, পুলিশের আবেদনে তার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তদন্ত কর্মকর্তার আবেদনে শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট থানা, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনের একাধিক মামলা বিচারাধীন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
আগের দিন হত্যা মামলায় গ্রেফতার
এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর আদাবরে বিএনপি নেতা ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
ওই মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ইসহাক জোমাদ্দার (৫০)। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শাহজাহান ওমরের আইনজীবী তাকে একজন জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, একের পর এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।
এমডিএএ/একিউএফ

