August 30, 2026

আইন না মানায় কুমিল্লায় ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ

0
comilla-20260830211447.jpg


ইমারত আইন ও নির্মাণবিধি না মানার অভিযোগে কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে নির্মাণাধীন চারটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।

বন্ধ করে দেওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, বাদুরতলা সড়কে ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাট এলাকার আল আমিন হাউজিং লিমিটেডের আলম ভিলা।

ফৌজদারি মোড়ের ডেলমন ডেভেলপারসের লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার, কাউসার গার্ডেন ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের অনুমোদনের কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. সিরিফুল হক বলেন, অভিযানে গিয়ে আমরা ভবনগুলোতে তাদের নির্মাণকাজের অনুমোদনের কাগজপত্র পাইনি। এমনও দেখা গেছে, ভবনের আসা যাওয়ার পথ শর্ত অনুযায়ী না রেখেই বহুতল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পার্কিং বে ও সেটব্যাক না রাখা, সিঁড়ি এবং সীমানা প্রাচীর ফুটপাতের ওপরে উঠে যাওয়া, নিরাপত্তা প্রাচীরসহ নানান অনিয়ম পাওয়া গেছে।

অভিযানে চারটি ভবনকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। তিনি বলেন, বৈধ কাগজপত্র ও অনুমোদন দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *