মাঝখানের ছোট্ট ছেলেটিই আজকের ওমর সানী
পুরনো দিনের একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শৈশবের স্মৃতিতে ফিরে গেলেন চিত্রনায়ক ওমর সানী। ছবিটিতে নিজের প্রয়াত মাকে, বড় বোন ও ভাগ্নিকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে নিজের ছোটবেলার স্মৃতিও তুলে ধরেছেন এই অভিনেতা।
সম্প্রতি ফেসবুকে ছবিটি পোস্ট করেন ওমর সানী। ছবির বর্ণনায় তিনি লেখেন, ‘অনেক বছর আগের ছবি, আমি তখন ছোট। আমার মরহুমা মা তার কোলে আমার ভাগ্নি রুমা, পাশে আমার বড় বোন। মাঝখানের ছেলেটি আজকে ওমর সানী।’
ছবিতে দেখা যায়, ওমর সানীর প্রয়াত মা কোলে তার ভাগ্নি রুমাকে নিয়ে বসে আছেন। পাশে রয়েছেন তার বড় বোন। আর মাঝখানে ছোট্ট ওমর সানীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জানা গেল, ২৮ আগস্ট ছিলো ওমর সানির ভাগ্নি রুমা খানের জন্মদিন। সেই উপলক্ষেই ছবিটি পোস্ট করেছেন এই অভিনেতা।

ছবিটির সঙ্গে নিজের বর্তমান পরিচয় মিলিয়ে ওমর সানীর লেখা ছোট্ট বার্তাটি ভক্তদেরও নস্টালজিক করে তুলেছে। সময়ের পরিক্রমায় সেই ছোট্ট ছেলেটিই আজ দেশের পরিচিত চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
পুরনো ছবিতে প্রয়াত মায়ের স্মৃতি থাকায় পোস্টটিতে আবেগের ছোঁয়াও রয়েছে। শৈশবের সেই দিনগুলোর ছবি ভাগ করে নিয়ে যেন হারিয়ে যাওয়া সময়কেই আবারও ছুঁয়ে দেখলেন এই অভিনেতা।

ছবিটির পোস্টে এসে কমেন্ট করেছেন ওমর সানির ভাগ্নি রুমাও। সেখানে মজার এক মন্তব্য করেছেন সানির স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। তিনি তিনটি অট্টহাসির ইমোজি দিয়ে লেখেন, ‘এই ছবিটা দেখে কে বলবে? এই ছেলেটা একদিন বড় হয়ে তোমার মতো হবে? কি ইনোসেন্ট!’
ওমর সানি অবশ্য প্রিয়তমার মন্তব্যে কথা বাড়াননি। তি রোমান্টিক মুডেই জবাব দিয়েছেন, ‘তুমি আমার’।
ছবি ও পোস্টটি ওমর সানির ভক্তদের মধ্যে বেশ আনন্দ ছড়াচ্ছে।
এলআইএ


