September 12, 2026

ক্লাবগুলোর দাবি উপেক্ষা করেই খেলা শুরুর সিদ্ধান্ত বাফুফের

0


পেশাদার লিগের ১৩ ক্লাবের মধ্যে ১০টি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেছিল। সেখানে অন্যতম প্রধান দাবি ছিল নতুন মৌসুমের খেলা এমনভাবে শুরু করা হোক যাতে লিগ ও ফেডারেশন কাপ নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণে যাতে ঘরোয়া ফুটবলে কোনো বাধা না হয়।

প্রয়োজনে আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের পরে ঘরোয়া ফুটবল মাঠে গড়ালেও ক্লাবগুলো রাজি। তবে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ক্লাবগুলোর সেই দাবি উপেক্ষা করে নির্ধারিত ১৮ সেপ্টেম্বর থেকেই বল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার লিগ কমিটির সভায় আগের সিদ্ধান্ত বহাল রেখে সভার পরপরই ফেডারেশন কাপের ড্র সম্পন্ন করে।

১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগের খেলা শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ। বিগত কয়েকটি আসরের মতো এবারও লিগের ম্যাচ শুক্র ও শনিবার এবং ফেডারেশন কাপের খেলা মঙ্গলবার। শনিবারের লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে লিগের ৮ ভেন্যুর মধ্যে শুধু তিনটিতে হবে ফেডারেশন কাপ। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জের পাশাপাশি কিছু খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল লিগের ১৩ দলই অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। শনিবার এই দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে ড্র সম্পন্ন হয়েছে। লটারির মাধ্যমে দলগুলোর ড্রয়ের পাশপাশি কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তাও নির্ধারণ হয়েছে।

‘এ’ গ্রুপে ফেডারেশন কাপের বর্তমান রানার্সআপ আবাহনীর সাথে পড়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স, ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি এফসি। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে আছে পুলিশ এফসি, মোহামেডান, পিডব্লিউডি এসসি, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোর। অর্থাৎ কোয়ালিফায়ার্সে। দুই চ্যাম্পিয়ন খেলবে প্রথম কোয়ালিফায়ার্সে এবং দুই রানার্সআপ খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে। প্রথম কোয়ালিফায়ার্স জেতা দল উঠবে ফাইনালে। দ্বিতীয় কোয়ালিফায়ার্সে বিজয়ী দল তৃতীয় কোয়ালিফায়ার্সে খেলবে প্রথম কোয়ালিফায়ার্সের পরাজিত দলের বিপক্ষে।

ড্র অনুষ্ঠানের পর লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘এবার ফিফা উইন্ডোর মধ্যেও লিগের খেলা চলবে।’

বিশেষ করে আসিয়ান কাপ চলমান অবস্থায় লিগের দুটি রাউন্ড হবে বলেও তিনি জানান। যদিও মোহামেডানসহ বেশ কয়েকটি ক্লাবের এই সিদ্ধান্তে আপত্তি আছে। উইন্ডোর মধ্যে ঘরোয়া ফুটবল চলবে এ নিয়মতো নেই। তাহলে বাফুফে কেন সে দিকে হাঁটছে? ইমরুল হাসানের জবাব, ‘আগে কখনো হয়নি বলে এখন যে করা যাবে না তাতো নয়।’

ক্লাবগুলোতে কিছু দাবি উত্থাপন করে রেখেছে। যদি তারা খেলতে রাজি না হয়? ইমরুল হাসানের জবাব, ‘আমরা আশা করি, সব ক্লাবই ফেডারেশন কাপ ও লিগে অংশ নেবে।’

ক্লাবগুলো যে চিঠি দিয়েছে তা নিয়ে কোনো আলোচনা কি হয়েছে সভায়? জবাবে ইমরুল হাসান বলেন, ‘ক্লাবগুলো চিঠি দিয়েছে সভাপতির কাছে। আমরা দুই একদিনের মধ্যেই সভাপতির সাথে বসবো বিষয়টি নিয়ে।’

আরআই/এমএমআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *