September 9, 2026

লক্ষ্মীপুরে নকল ঘি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

0
og_1788941627_6aa1153bb5d11.jpeg


লক্ষ্মীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র‍্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিপন চন্দ্র দাসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালায়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত নকল ঘি বিনষ্ট করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্ত নিপন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে ও পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর শহরের উত্তর মজুরপুর এলাকায় প্রত্যয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নকল ঘি বাজারে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫৫ কেজি বিভিন্ন ব্র‍্যান্ডের মোড়ক লাগানো নকল ঘি জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিল। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। নকল ঘি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এসজেডএইচ/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *