September 5, 2026

রাস্তায় গলে পড়ছিল চিনি, হাড়ি-গামলায় সংগ্রহের চেষ্টা স্থানীয়দের

0
og_1788601883_6a9be61bd2f41.jpeg


কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে এক ট্রাক খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। এ দৃশ্য দেখে সকালে এলাকাবাসী ট্রাকটিকে আটকে থানায় খবর দিলে পুলিশ ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ট্রাকে ১২ টন চিনি ছিল। সম্ভবত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ওই চিনি কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশ্যে আনা হয়।

ওসি জাকির হোসেন বলেন, অভিযোগ রয়েছে আগের দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে। সেগুলোও উদ্ধারে অভিযান চলছে। ৩ ট্রাক ভর্তি এসব চিনি কেন কার উদ্দেশ্যে আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনির ট্রাক থামানো ছিল। ওখানেই চিনিগুলো নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে গলে রাস্তায় পড়ছিল। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিনি ভর্তি একটি ট্রাক ও চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, চিনিগুলো আমার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল। আমি এসবে নেই।

আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *