ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি
ঠাকুরগাঁও সদরে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামের কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থানে গিয়ে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। এর মধ্যে পাশাপাশি তিনটি এবং কিছুটা দূরে আরও দুটি কবর রয়েছে। কবরের মাটি সরানো অবস্থায় দাফনের কাপড়ও পড়ে থাকতে দেখা যায়। পরে মৃত ব্যক্তিদের স্বজনরা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ঢেকে দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চুরি হওয়া কঙ্কালগুলোর কবর প্রায় এক থেকে দেড় বছর আগে দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা কাউসার রহমান দুলাল বলেন, লোকজনের সমাগম দেখে তিনি কবরস্থানে যান। সেখানে পাঁচটি কবর খোঁড়া এবং কঙ্কাল নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তানভীর হাসান তানু/কেএইচকে
