হেলমেট পরেন? নিরাপদ রাইডের জন্য জেনে রাখুন এই ৫ সহজ হ্যা
বাইক চালানোর সময় হেলমেট মাথাকে সুরক্ষা দেয় ঠিকই, তবে নিরাপদে রাইড করার জন্য পরিষ্কার ও স্বচ্ছ ভাইজারও সমান গুরুত্বপূর্ণ। ভাইজারে ধুলা, বৃষ্টির পানি কিংবা কুয়াশা জমে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তা দেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘ পথ বা খারাপ আবহাওয়ায় এই সমস্যা আরও বাড়ে।
তাই হেলমেট ব্যবহারের সময় কয়েকটি সহজ কৌশল জানা থাকলে রাইডিং আরও নিরাপদ ও আরামদায়ক হতে পারে।
১. ভাইজার পরিষ্কারে সাবধান
ভাইজারে ধুলো বা ময়লা জমলে শুকনো টিস্যু কিংবা যে কোনো কাপড় দিয়ে জোরে ঘষে পরিষ্কার করবেন না। এতে ভাইজারের উপরে সূক্ষ্ম আঁচড় পড়তে পারে এবং ধীরে ধীরে স্বচ্ছতা কমে যেতে পারে। পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় এবং ভাইজারের জন্য উপযুক্ত ক্লিনিং সলিউশন ব্যবহার করা ভালো। যারা নিয়মিত বাইক চালান, তারা চাইলে টিয়ার-অফ ফিল্মও ব্যবহার করতে পারেন। বাইরের স্তরে বেশি ময়লা জমলে পুরো ভাইজার পরিষ্কার করার পরিবর্তে সেই স্তরটি খুলে ফেলা যায়।
২. কুয়াশায় দৃষ্টি পরিষ্কার রাখুন
শীতের সকাল বা ঠান্ডা আবহাওয়ায় হেলমেটের ভিতরের উষ্ণ বাতাসের কারণে ভাইজারের গায়ে কুয়াশা জমতে পারে। এতে সামনে থাকা গাড়ি বা রাস্তা স্পষ্ট দেখা কঠিন হয়ে যায়। এই সমস্যা কমাতে হেলমেটের ভেন্টিলেশন সিস্টেম ঠিকভাবে ব্যবহার করুন এবং ভাইজ়ার পরিষ্কার রাখুন। কোনো ধরনের ওয়াক্স বা ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করার আগে সেটি সংশ্লিষ্ট ভাইজারে ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা অবশ্যই নিশ্চিত করুন।
৩. রোদে টিন্টেড ফিল্ম কাজে আসতে পারে
তীব্র রোদে দীর্ঘ সময় বাইক চালালে চোখে অতিরিক্ত আলো পড়ে অস্বস্তি হতে পারে। সেই পরিস্থিতিতে টিন্টেড বা পোলারাইহজড ফিল্ম কিছুটা স্বস্তি দিতে পারে। ফলে আলাদা করে অতিরিক্ত ভাইজার সঙ্গে বহন করার প্রয়োজন নাও হতে পারে। তবে এমন ফিল্ম ব্যবহার করার ক্ষেত্রে আলো কম থাকা অবস্থায় দৃশ্যমানতা যাতে বাধাগ্রস্ত না হয়, সেটি মাথায় রাখা জরুরি।
৪. বৃষ্টিতে সঙ্গে রাখুন মাইক্রোফাইবার কাপড়
বর্ষায় ভাইজ়ারের বাইরের দিকে জলের ফোঁটা জমে গেলে রাস্তা দেখা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে ভাইজারে ব্যবহারযোগ্য হাইড্রোফোবিক স্প্রে কাজে লাগতে পারে। এটি জলের ফোঁটা দ্রুত সরে যেতে সাহায্য করে। এর পাশাপাশি ছোট একটি মাইক্রোফাইবার কাপড় জ্যাকেটের পকেট বা বাইকের সঙ্গে রাখা ভালো। প্রয়োজনের সময় ভাইজার পরিষ্কার করতে সেটি দ্রুত ব্যবহার করা যাবে।
৫. লং রাইডে টিয়ার-অফ ফিল্ম রাখুন
দীর্ঘ পথের যাত্রায় ভাইজ়ারে ধুলা, পোকামাকড় কিংবা রাস্তার ময়লা জমা খুব স্বাভাবিক। বারবার বাইক থামিয়ে ভাইজ়ার পরিষ্কার করা অনেক সময় ঝামেলার হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে টিয়ার-অফ ফিল্ম বেশ কার্যকর হতে পারে। ভাইজ়ারের উপরে লাগানো স্তরটি অতিরিক্ত নোংরা হয়ে গেলে সেটি খুলে ফেললেই তুলনামূলক পরিষ্কার দৃষ্টি পাওয়া যায়। বিশেষ করে লং রাইড বা ট্যুরে বের হলে সঙ্গে অতিরিক্ত টিয়ার-অফ ফিল্ম রাখা সুবিধাজনক।
হেলমেট শুধু মাথা রক্ষার জন্য নয়, নিরাপদে বাইক চালানোর সামগ্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই হেলমেট পরার পাশাপাশি ভাইজ়ার পরিষ্কার রাখা, কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা ঠিক রাখা এবং দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখাও জরুরি। ছোট এই অভ্যাসগুলো রাস্তায় দৃষ্টিশক্তি পরিষ্কার রাখতে এবং ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
কেএসকে


