September 3, 2026

৫০ ঘণ্টা ব্যাটারি ও এআই ফিচারসহ আসছে ভিভোর নতুন ইয়ারবাড

0
airpods-mt2n8e8bhri718l-20260821134614.jpg


নতুন ট্রু ওয়ারলেস স্টেরিও ইয়ারবাড আনতে চলেছে ভিভো। সংস্থার ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এরই মধ্যে ‘ভিভো বাডস’-এর টিজার প্রকাশ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ইয়ারবাডের নির্দিষ্ট লঞ্চের তারিখ, দাম কিংবা বিক্রির বিস্তারিত তথ্য জানায়নি সংস্থা। তবে টিজারে ইয়ারবাড ও চার্জিং কেসের নকশা দেখা গিয়েছে এবং খুব শিগগিরই ডিভাইসটি আসার ইঙ্গিত মিলেছে।

ভারতীয় সংস্করণের স্পেসিফিকেশন এখনো ভিভো প্রকাশ করেনি। তবে সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে ‘ভিভো বাডস’ নামে একটি মডেলের বেশ কিছু তথ্য রয়েছে। সেই মডেলটিই বাজারে আসবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। ফলে গ্লোবাল মডেলের স্পেসিফিকেশনকে সম্ভাব্য বৈশিষ্ট্য হিসেবেই দেখা হচ্ছে।

গ্লোবাল ভিভো বাডসে রয়েছে ১০ মিমি হাই-রেজোলিউশন ড্রাইভার। ২০হার্জ থেকে ২০কিলোহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জের পাশাপাশি এতে ডিপএক্স ৩.০ সাউন্ড ইফেক্ট এবং চারটি আলাদা সাউন্ড মোড থাকার কথা বলা হয়েছে। ফোনে কথা বলার সময় আশপাশের শব্দ কমাতে থাকছে এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি।

শুধু তাই নয়, ইয়ারবাডে রয়েছে ক্রোস-ফ্ল ডাক্ট ডিজাইন এবং উইন্ড নয়েজ রিডাকশন চেম্বার। ফলে বাইরে বাতাসের শব্দ বা অন্যান্য বিরক্তিকর আওয়াজ কমিয়ে কলের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য রয়েছে।

কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.৪ এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি দেওয়া হয়েছে। গেম খেলার সময় লেটেন্সি ৮৮ মিলিসেকেন্ড পর্যন্ত হতে পারে বলে গ্লোবাল মডেলের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। ইয়ারবাডটি IP54 রেটিংয়ের হওয়ায় ধুলো ও পানির ছিটে থেকেও নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা মিলবে।

ভিভো বাডস-এর অন্যতম আকর্ষণ হতে পারে এর ব্যাটারি ব্যাকআপ। গ্লোবাল মডেলটি চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক দিতে পারে বলে দাবি করা হয়েছে। প্রতিটি ইয়ারবাড একবার চার্জে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় তিন ঘণ্টা মিউজিক শোনা সম্ভব বলে দাবি ভিভোর। কলের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ ছয় ঘণ্টা পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট ভিভো ফোনের সঙ্গে ইয়ারবাড ব্যবহার করলে রিমোট ক্যামেরা কন্ট্রোলের সুবিধাও পাওয়া যেতে পারে। ভিভোর নতুন ট্রু ওয়ারলেস স্টেরিও ইয়ারবাডের ভারতীয় দাম ও লঞ্চের তারিখ এখনো প্রকাশ্যে আসেনি। ফলে আপাতত অপেক্ষা করতে হবে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

কেএসকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *