হাওরে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওরে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চালবন হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওরে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সূত্র আরও জানায়, সংঘর্ষে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করছি। জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজেডএইচ/এএসএম
