August 30, 2026

হল অব ফেমে জায়গা পেলেন ফেদেরার

0
6a93bf1e5d61817880676146a93bf1e5d61b.jpg



সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে ২৯ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন। এ সময় কয়েকবার তার চোখে পানি চলে আসে।

চ্যানেল নিউজএশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফেদেরারের সঙ্গে এবার হল অব ফেমে জায়গা পেয়েছেন সাংবাদিক ও ধারাভাষ্যকার মেরি কারিলো।

সম্মাননা পাওয়ার পর ফেদেরার বলেন, এটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। তিনি বলেন, ‘খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম এমন কিছুর জন্য জীবন উৎসর্গ করতে, যা আমি ভালোবাসি। আর সেই ভালোবাসা যাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাদের পাশে থাকতে চেয়েছিলাম।’

২০২২ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেন ফেদেরার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জিতেছেন ১০৩টি এটিপি ট্যুর শিরোপা। উইম্বলডন জিতেছেন আটবার, যা পুরুষ এককে সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ছয়বার, ইউএস ওপেন পাঁচবার এবং ফ্রেঞ্চ ওপেন একবার জয় করেছেন তিনি। বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছেন মোট ৩১০ সপ্তাহ।

অনুষ্ঠানে ৪৫ বছর বয়সী এই তারকা তার কোচ, চিকিৎসক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার স্ত্রী মিরকা ফেদেরারও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি মাঠের বাইরের ফেদেরারকে একজন স্বামী, বাবা ও বন্ধু হিসেবে তুলে ধরেন।

নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়েও কথা বলেন ফেদেরার। ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগকে তিনি বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন। সেই তালিকায় আন্দ্রে আগাসি, লেটন হিউইট, অ্যান্ডি রডিক, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের নামও উল্লেখ করেন তিনি।

পেশাদার টেনিস থেকে বিদায় নিলেও খেলাটির সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না। ফেদেরার বলেন, ‘খেলোয়াড় হিসেবে সময় শেষ হলেও টেনিসের সঙ্গে পরিবার, বন্ধুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার যোগ থেকেই যাবে।’

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *