September 8, 2026

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে নারী আটক

0
og_1788796857_6a9edfb9e341a.jpeg


পঞ্চগড় সদরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মৌসুমী আক্তার (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। এর আগে উপজেলার চাকলা ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হক (৩০) একই এলাকার তোসলিম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, আলম হকের সঙ্গে মৌসুমী আক্তারের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অস্বস্তি অনুভব করেন আলম। এরপর তার পেটে ব্যথা শুরু হয় এবং তিনি বমি করতে থাকেন। এসময় পরিবারের সদস্যদের কাছে তিনি বিষ খেয়েছেন বলে ধারণার কথা জানান।

অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা জড়ো হওয়ার পর পানি খাওয়ানোর কথা বলে শরবতের সঙ্গে আরও ওষুধ মিশিয়ে আলমকে খাওয়ানো হয়। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে পাঠানো হয়। রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত আলম হকের ছোট বোন বলেন, আমার ভাবি আমার ভাইকে এভাবে বিষ খাইয়ে মারল, এটা আমরা কল্পনাও করতে পারিনি। সে অন্য কারও সঙ্গে চলে যেতে চাইলে চলে যেতে পারত। কিন্তু আমার ভাইকে মেরে ফেলল কেন? আমরা এর বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, স্থানীয়রা ফোন করে জানান, আলমের স্ত্রী নাকি ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৌসুমী আক্তার নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *