September 12, 2026

সবার আগে জাপানে নারী ফুটবল দল

0


এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ শেষে সেখান থেকেই জাপান চলে যায় পিটার বাটলারের দল।

এশিয়ান গেমস সামনে রেখে চীনে বেশ কয়েকদিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা।

এশিয়ান গেমসে এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এবং শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে।

জাপানের নাগোয়া ও আইচি শহরে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হচ্ছে-আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল (নারী), ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শ্যুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।

আরআই/আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *