September 3, 2026

রোহিত-কোহলি-জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৈঠক

0
6a992cb37848017884233476a992cb378483.jpg



২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করতে ভারতের তিন অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে নির্বাচকদের মধ্যে তেমন কোনো সংশয় বা বাড়তি চাপ নেই। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, নির্বাচক কমিটির এক সদস্য রোহিতকে জানিয়েছিলেন, তারা এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে এগিয়ে যেতে চান। বিষয়টি রোহিতের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি করেছিল বলেও জানা যায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই তার অবসর নিয়ে নানা আলোচনা চলছিল।

তবে লর্ডসে সিরিজের শেষ ওয়ানডেতে রোহিতের দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস সেই জল্পনায় আপাতত ইতি টেনেছে। তার অসাধারণ পারফরম্যান্সের পর ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তাকে রাখার সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ডকার্সের সহ-মালিক হিসেবে যুক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডস সম্প্রতি জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত ও কোহলির অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেছেন।

রোডসের মতে, ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলের জন্য রোহিতের অভিজ্ঞতা বড় সম্পদ হয়ে উঠতে পারে। পাশাপাশি কোহলির জয়ের ক্ষুধা ও মানসিক দৃঢ়তা তাকে এখনও দলের গুরুত্বপূর্ণ ‘ফিনিশার’ হিসেবে কার্যকর রাখবে।

রোহিতের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে রোডস বলেন, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাকে দল নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। অথচ খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে শুধু প্রতিভা, সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা একটি ভালো মৌসুম নয়, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতাও বিবেচনায় রাখা প্রয়োজন।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *