September 6, 2026

রিজার্ভ চুরির মামলায় মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল

0
bank-mtq2ca4obbbtm70-20260906230652.jpg


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার জন্য নিয়োগ দেওয়া মার্কিন আইনি প্রতিষ্ঠান ‘কোজেন অ্যান্ড কন্নর’- এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রতিষ্ঠানটির পরিবর্তে এখনো নতুন কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুব শিগগির অভিজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থ উদ্ধারে সফল কোনো আইনি প্রতিষ্ঠানকে এ মামলার দায়িত্ব দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভায় ‘কোজেন অ্যান্ড কন্নর’- এর সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এটা একটি স্বাভাবিক ঘটনা। এখানে সন্দেহের কিছু নেই। খুব শিগগির অভিজ্ঞ ও অর্থ আদায়ে সফল আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।

২০১৬ সালে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরি যাওয়া অর্থের একটি বড় অংশ ফিলিপাইনের ক্যাসিনো হয়ে পাচার হয়ে যায়। এ অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছে বাংলাদেশ।

এদিকে, এস আলম-সংশ্লিষ্ট মামলায়ও সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের পক্ষে আইনি প্রতিনিধিত্বে পরিবর্তন আনা হয়েছে। ওই মামলায় নতুন আইনজীবী হিসেবে কুষ্টিয়ার রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে নিয়ন্ত্রণ ও দখল করে। অথচ ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যক্তি, পরিবার বা গ্রুপের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের সুযোগ নেই।

সম্প্রতি আদালত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

ইএআর/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *