মানসিক ভারসাম্যহীন তরুণের চুল কেটে নির্যাতন
পাবনার ঈশ্বরদীতে মোবাইল চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক তরুণের মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। ভুক্তভোগী তরুণের নাম সিয়াম হোসেন (১৯)।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মধ্যপাড়ার শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন সিয়াম। এসময় এলাকাবাসী তাকে আটক করেন। পরে সিয়ামের মাথার চুল কেটে দেন স্থানীয় বকুল প্রামাণিক।
এলাকাবাসীর অভিযোগ, সিয়াম মাদকাসক্ত। মাদকসেবনের টাকার জন্য তিনি মোবাইল ফোন চুরি করেছেন। তবে তার বাবা সুজন সরদার বলেন, ‘ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। ছেলে মানসিক ভারসাম্যহীন। হয়তো না বুঝে চুরি করেছে। চুল কেটে নির্যাতনের ঘটনাটি অমানবিক।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মহসীন/একিউএফ

