মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের করা সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মালিক ও শ্রমিকরা সড়ক থেকে অবস্থান প্রত্যাহার করে নিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছিলেন পরিবহন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।
সন্ধ্যা ৬টার দিকে মালিক ও শ্রমিক সড়ক থেকে তাদের অবস্থান প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় আশপাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।
টিটি/এমআইএইচএস

