বান্দরবানে ৩৮৪ কোটি টাকায় তিন সড়ক নির্মাণ-উন্নয়ন কাজের অনুমোদন
বান্দরবানে হোস্ট কমিউনিটির জন্য তিনটি সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের দুটি প্যাকেজের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুই প্যাকেজের কাজ বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে একটি প্যাকেজে ব্যয় হবে ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ২৮ টাকা এবং অন্যটিতে ১৯০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘বান্দরবান সড়ক বিভাগের অধীনে হোস্ট কমিউনিটির জন্য ৩টি সড়ক নির্মাণ ও উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর পিডব্লিউ-৪ এর পূর্ত কাজের জন্য ব্যয় হবে ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ২৮ টাকা। এ অর্থের মধ্যে রয়েছে সরকারি উন্নয়ন বাজেট ও বিশ্বব্যাংকের অর্থায়ন।
এই কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তিনটি প্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার কাছ থেকে ভ্যাট ও করসহ মোট ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ২৮ টাকায় কাজটি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।
এই প্যাকেজের আওতায় নাজিরাম ত্রিপুরা পাড়া থেকে লামা গজারিয়া পর্যন্ত ৮ দশমিক ৭ কিলোমিটার সড়কে বিভিন্ন উন্নয়নকাজ করা হবে। এর মধ্যে রয়েছে ৮৩ হাজার ১০৯ দশমিক ৫১ ঘনমিটার মাটির কাজ, ১৮ ফুট প্রশস্ত ৮ দশমিক ২৪৭ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ ও ডিবিএস সারফেসিং, ১২টি সেতু এবং ১৮টি কালভার্ট নির্মাণ।
এছাড়া ৪ হাজার ১০০ মিটার আরসিসি সসার ড্রেন, ১ হাজার ৫৫৬ মিটার ইউড্রেন, ৮ হাজার ৭৫২ বর্গমিটার ঢাল সুরক্ষা, রিটেইনিং ওয়াল এবং সড়ক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন আনুষঙ্গিক কাজও করা হবে।
অন্যদিকে, একই প্রকল্পের প্যাকেজ নম্বর পিডব্লিউ-২ এর পূর্ত কাজের জন্য ব্যয় হবে ১৯০ কোটি টাকা। এই কাজের অর্থায়নও সরকারি উন্নয়ন বাজেট ও বিশ্বব্যাংকের অর্থে হবে।
এই প্যাকেজের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। চারটি দরপ্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ভ্যাট ও করসহ মোট ১৯০ কোটি টাকায় কাজটি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্যাকেজটির আওতায় আজিনগর থেকে নাজিরাম ত্রিপুরা পাড়া পর্যন্ত ১০ দশমিক শূন্য ৭০ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে রয়েছে মাটির কাজ, ৫ দশমিক ১২৩ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ, মজবুতীকরণ ও ডিবিএস সারফেসিং এবং শূন্য দশমিক ৪০ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ। এছাড়া সাতটি সেতু ও ১২টি কালভার্ট নির্মাণ করা হবে।
সড়ক উন্নয়নের পাশাপাশি আরসিসি সসার ড্রেন, ইউড্রেন, ঢাল সুরক্ষা, রিটেইনিং ওয়াল এবং সড়ক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।
‘বান্দরবান সড়ক বিভাগের অধীনে হোস্ট কমিউনিটির জন্য ৩টি সড়ক নির্মাণ ও উন্নয়ন’ প্রকল্পটি ২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
এমএএস/এমএএইচ/
