ফোন নিয়ে মায়ের ওপর অভিমান, নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থী
রাজধানীর পল্টন মডেল থানাধীন চামেলীবাগের একটি বাসার দোতালায় তাশফিকুল ইসলাম (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. মাসুদ বলেন, আমার ছেলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মোবাইলে আসক্ত ছিল, গেমস ফ্রি ফায়ার খেলতো। একপর্যায়ে ওর মা মোবাইল ফোন নিয়ে নিলে পরে
মায়ের ওপর অভিমান করে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। বিষয়টি টের পাওয়ার পর আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি জানান, তাদের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে পল্টন থানার চামেলীবাগের একটি বাসার দোতলায় পরিবার নিয়ে থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
