September 1, 2026

দেশ-দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে

0
shama-20260901202833.jpg


ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিকদের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বাটার মোড়ে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল এটি। এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছে, এখনও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শত চেষ্টা করেও বিএনপিকে দমানো যায়নি। বিএনপি কারও কাছে মাথা নত করে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করছেন। এতে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

মো. মিজানুর রহমান মিনু বলেন, একটি দল আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। জিয়ার সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে।

বক্তব্যের শুরুতে ভূমিমন্ত্রী দলের সব নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন সভাপতিত্ব করেন।

এতে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি জয়নুল আবেদিন, সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে নগরীর সোনাদিঘীর মোড়, মনিচত্বর, সাহেব বাজার, জিরোপয়েন্ট, কুমারপাড়া হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে দলীয় সংগীতের পাশাপাশি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক আগে থেকেই ব্যানার-ফেস্টুনে সাজানো হয়। র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মনির হোসেন মাহিন/এনএইচআর/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *