September 4, 2026

ঢাবিতে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে জন্মাষ্টমী উৎসব

0
du22-20260905031306.jpg


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব-২০২৬ উদযাপন হয়।

বিশ্ববিদ্যালয়ের শিব মন্দিরের পেছনে অবস্থিত সনাতন বিদ্যার্থী সংসদের কক্ষে (১০০৪ নম্বর রুম) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এরপর পূজা, পুষ্পাঞ্জলি, বিশেষ অভিষেক ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

jagonews24

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা অংশ নেন। স্থান সংকুলানের কারণে কিছু অংশগ্রহণকারীকে অপেক্ষা করতে হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ হলের তিনটি ভবনে নতুন ঠান্ডা পানির ফিল্টার উদ্বোধন করা হয়েছে। অক্টোবর ভবনে স্থাপিত ফিল্টারটি প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ফিল্টারটি প্রদান করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারি গোস্বামী। আর রবীন্দ্র ভবনের ফিল্টারটি প্রদান করেছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কর্তৃপক্ষ। ফিল্টার স্থাপন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল।

jagonews24

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

জন্মাষ্টমী উৎসবের আয়োজন সফল করতে সহযোগিতা করায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ধর্মচক্র সম্পাদক অংকন বিশ্বাস বলেন, সবার অংশগ্রহণেই এ ধরনের আয়োজন আরও সাফল্যমণ্ডিত হবে।

আরটি/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *