ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে ১০ম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০৬।
এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আজও বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহরটি। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৫৮ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।
এরপর যথাক্রমে মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫২, ভারতের কলকাতা ১৩৯, ভিয়েতনামের হ্যানয় ১৩৯, চীনের চেংদু ১১৯ ও পাকিস্তানের লাহোর ১১৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষ রয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ভ্যাঙ্কুভার ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সমান ১০ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
এমকেআর

