টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ভূইয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, আব্দুর রহিম ভূইয়া বেলা ১১টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ফলে বাবা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে যান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা বলেন, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করেন।
ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, ‘অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা পয়সা নিয়ে বাবার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।’
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে দ্রুত চলে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/কেজে/এএসএম
