September 10, 2026

জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, ৩ আড়তকে জরিমানা

0
og_1789033290_6aa27b4a0eb33.jpeg


ফেনী পৌর মৎস্য আড়তে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অসদুপায়ে চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের অপরাধে তিনটি মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, `মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’ বাস্তবায়নে পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় তিনটি আড়তে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় আইনের ৩১ ধারা লঙ্ঘনের দায়ে বেলাল ফিশিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ৫৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। আল্লাহর দান ফিশিংকে ২০ হাজার টাকা জরিমানা করে ২৪ কেজি এবং এরফান ফিশিংকে ২০ হাজার টাকা জরিমানা করে ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা মোট ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি পরে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা ব্যবসায়ীদের এ ধরনের অসাধু পন্থা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে কেমিক্যালযুক্ত মাছ খাওয়ার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *