জাকসুর উদ্যোগে জাবিতে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সরাসরি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে জাকসুর উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে ২৫টির বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিষ্ঠানগুলোতে রয়েছে ৭০০টির বেশি চাকরির সুযোগ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ।
সিলভার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।

জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সময়ে প্রায় ২৫টি প্রতিষ্ঠানের প্রার্থীদের যাচাইয়ের সুযোগ তৈরি হওয়া একটি বিশেষ অভিজ্ঞতা। এ কর্মসংস্থানমূলক আয়োজনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা সম্ভব হবে।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসুর মেয়াদের শেষ পর্যায়েও শিক্ষার্থীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রয়েছে। তারই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন আজকের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট।’
এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রথমবর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা। জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।’
গোল্ড পৃষ্ঠপোষক টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অব সেলস অ্যান্ড মার্কেটিং রুবিনা জাহান তিথি বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সিভি পর্যালোচনা করে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানে যুক্ত করার সুযোগ তৈরি হয়। বিশেষ করে যারা সবেমাত্র চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।’
জব ফেয়ারে অংশ নেওয়া শিক্ষার্থীরাও আয়োজনটিকে ইতিবাচকভাবে দেখছেন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কায়েস মাহমুদ বলেন, ‘জব ফেয়ার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন খুব কম হওয়ায় শিক্ষার্থীরা অনেকটা বঞ্চিত থাকে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠন নিয়মিত এমন আয়োজন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

ফার্মেসি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আতিয়া বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের প্রয়োজনীয়তা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জানা যাচ্ছে। গ্র্যাজুয়েশন শেষে চাকরির জন্য আবেদন করার সময় কী ধরনের দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন হবে, সে বিষয়ে এখন থেকেই ধারণা পাওয়া যাচ্ছে।’
আয়োজকরা জানান, জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হবে। এতে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসবের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফি, খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত রয়েছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।
মো. রকিব হাসান প্রান্ত/এসআর
