জয়পুরহাটে সরকারি গাছ কাটার দায়ে তিনজনের কারাদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. কাশপিয়া তাসরিন এই কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. কাশপিয়া তাসরিন জাগো নিউজবলেন, পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় রাস্তার পাশে সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার আইনে ওই তিনজনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ডাদেশও দেওয়া হয়।
মো. আল-কারিয়া চৌধুরী/এসজেডএইচ/এএসএম
