ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে নতুন পরিকল্পনা ভূমিমন্ত্রীর
রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ৬টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোহনপুর উপজেলা দল।
মো. মিজানুর রহমান মিনু বলেন, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিকব্যাধি থেকে দূরে রাখা সম্ভব। তরুণ প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী। দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিকব্যাধি থেকে দূরে থেকে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন এই বড় স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইটগুলো আগের মতো সচল করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দলের পাশাপাশি দেশের কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মহানগরীতে প্রায় ১৬টি ছোট-বড় মাঠ রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব মাঠের অনেকগুলোই বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দ্রুত এসব মাঠ সংস্কার করে সুন্দর ও সবুজ খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। তিনি রাজশাহী শহরের কলেজ ও স্কুলগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের কথা জানান। পাশাপাশি ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতারা, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দুর্গাপুর উপজেলা দলের পলাশ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।
মনির হোসেন মাহিন/এনএইচআর

