কেমিক্যাল মেশানো খাবার কি জান্নাতি খাবার হবে, প্রশ্ন মিলনের
খাদ্যে ব্যবহৃত কেমিক্যালের মাধ্যমে হেভিমেটাল থাকার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন মাহবুব কবির মিলন। তিনি বলেছেন, ‘অসচেতনভাবে ব্যবহৃত কেমিক্যাল খাদ্যকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।’
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। ফুড সেফটি অথরিটিতে দায়িত্ব পালনকালে সিগারেট, জর্দ্দা ও গুল পরীক্ষায় ভয়াবহ মাত্রার হেভিমেটাল পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি জানান, বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে জর্দ্দা ও গুল প্রস্তুতকারীরা তার কাছে আসেন। জীবিকার কথা তুলে ধরে তারা ব্যবস্থা শিথিল করার অনুরোধ করেন। তবে তিনি তা প্রত্যাহার না করে বরং ব্যবহৃত কাঁচামাল ও কেমিক্যালের পৃথক ল্যাব পরীক্ষার নির্দেশ দেন।
পরে পরীক্ষার ফলাফলে দেখা যায়, তামাক পাতার পাশাপাশি ব্যবহৃত তরল কেমিক্যালেও উচ্চমাত্রার হেভিমেটাল রয়েছে। তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে এই কেমিক্যাল প্রায় সম্পূর্ণরূপে সিসা (লেড) হতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মাহবুব কবির মিলন বলেন, এ ধরনের কেমিক্যাল যদি খাদ্য বা প্রক্রিয়াজাত খাবারে ব্যবহার করা হয়, তবে তা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।
এখন সেই রকম অন্য কাজের কেমিক্যাল যদি বর্বর আর পিশাচ জাতি খাবারে বা প্রসেসড ফুডে মেশায়, তাহলে সেই খাবার কি জান্নাতি খাবার হবে? তিনি সিগারেট, জর্দ্দা ও গুল ব্যবহারের সঙ্গে ক্যান্সারের ঝুঁকির কথাও উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানান।
এমআরএম

