August 31, 2026

কারিনার ‘দায়রা’ কি হায়দরাবাদ ধর্ষণকাণ্ডের গল্প?

0
rasmika-mandana-mtfztlhj0m34owj-20260830215804.jpg


২০১৯ সালে ভারতের হায়দরাবাদে এক পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সেই ভয়াবহ ঘটনার ছায়া কি এবার দেখা যাবে কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত নতুন সিনেমা ‘দায়রা’য়? সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই এমন প্রশ্ন ঘুরছে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে।

‘দায়রা’ পরিচালনা করেছেন ‘রাজি’খ্যাত নির্মাতা মেঘনা গুলজার। ৩১ আগস্ট মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ২০১৯ সালের হায়দরাবাদ ধর্ষণ ও হত্যাকাণ্ড অবলম্বনে কি ‘দায়রা’ নির্মিত হয়েছে?

জবাবে মেঘনা জানান, সিনেমাটির গল্প কোনো একটি নির্দিষ্ট ঘটনা অবলম্বনে তৈরি নয়। চিত্রনাট্য লেখার সময় একাধিক বাস্তব ঘটনার দিকে নজর রাখা হয়েছে।

মেঘনা বলেন, ‘আমরা বেশ কিছু সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলছি। শুধু একটি ঘটনার তথ্য ও পরিসংখ্যানের ওপর নির্ভর করলে আমাদের ছবির পরিধি খুব সীমিত হয়ে যেত। কারণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে ঘটে।’

নির্মাতা আরও বলেন, এসব ঘটনা শুধু কোনো একটি দেশ, রাজ্য বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটে এবং প্রায়ই ঘটে।

তাই ‘দায়রা’কে কোনো একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি মেঘনা। বরং বিভিন্ন ঘটনার মধ্যে একটি সাধারণ যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। সেই ঘটনাগুলোর আবেগ, অপরাধ এবং বিচারব্যবস্থার বিভিন্ন দিক একত্র করেই সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে।

২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদে ২৬ বছর বয়সী এক পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। ঘটনাটি সে সময় গোটা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল।

এই ঘটনায় মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশবুলু, জোল্লু শিব ও জোল্লু নবীন নামে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন বলে পুলিশ দাবি করে।

ঘটনাটি নিয়ে তখন ভারতজুড়ে তীব্র আলোচনা হয়। নারী নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিয়েও ওঠে নানা প্রশ্ন। তবে ‘দায়রা’ কোনোভাবেই ওই ঘটনার সরাসরি রূপান্তর নয় বলে স্পষ্ট করেছেন মেঘনা গুলজার। তার ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ঘটনার আবেগ, অপরাধ এবং বিচারপ্রক্রিয়ার দিকগুলো থেকেই সিনেমাটির গল্পের ভিত্তি তৈরি হয়েছে।

কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দায়রা’ তাই মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল। সিনেমাটি বাস্তবতার কতটা কাছাকাছি যায়, সেটিই এখন দেখার বিষয়।

এমএমএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *