কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা দিকে কাওরান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কাওরান বাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
