ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রত্যাশা করছে প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত এবং যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিচার শুরু হয়।
মামলায় শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও চিকিৎসকসহ ২৯ জন সাক্ষ্য দেন। এ ছাড়া শরীফ ওসমান হাদী লিখিত জবানবন্দি দেন।
মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ ও তৎকালীন ডিবি প্রধান হারুনসহ ১৪ জনের সঙ্গে কথোপকথনের ফোনালাপও উপস্থাপন করা হয়। এসব ফোনালাপে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসে।
আমার বাঙলা/ রাব্বি
Source link
