August 31, 2026

এআই ছবিতে মন্ত্রীকে নিয়ে ঠাট্টা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল বেলজিয়াম

0
og_1788190545_6a959f518ce98.jpeg


বেলজিয়ান স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যান্ডেনব্রুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিল হোয়াইটকে তলব করেছে বেলজিয়াম। সোমবার (৩১ আগস্ট) মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।

এ সময় এ ধরনের ঘটনা আবার ঘটলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এর আগে, অ্যালকোহলের স্বাস্থ্য সতর্কবার্তা নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে ভ্যান্ডেনব্রুককে কটাক্ষ করেন হোয়াইট। ইনস্টাগ্রামে তার একটি এআই-তৈরি ছবি পোস্ট করে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘জীবনের সব ধরনের আনন্দ নষ্ট করেন।’

ছবির ওপরে তিনি লেখেন, ‘বেলজিয়ামের সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি কে?’ অর্থাৎ, ভ্যান্ডেনব্রুকের অ্যালকোহল-সংক্রান্ত কঠোর নীতির কারণে মানুষের জীবনের আনন্দ কমে যাচ্ছে বা নষ্ট হচ্ছে—এমনটাই বোঝাতে চেয়েছেন হোয়াইট।

তবে, বৈঠকে রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে তার অসন্তোষ জানান বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে, উপযুক্ত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসব বিষয়ে আলোচনা হওয়া উচিত। প্রকাশ্যে একে অপরকে এভাবে কটূক্তি করা বা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত কোনো বেলজিয়ান রাষ্ট্রদূত যদি ব্যক্তিগতভাবে মার্কিন কর্মকর্তাদের সমালোচনা করেন, তাহলেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন। রাষ্ট্রদূতদের কূটনৈতিক নিয়ম ও রীতি মেনে চলতে হয়। পারস্পরিক সম্মান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও রয়েছে এ নীতিতেই অন্তর্ভুক্ত বলে বিল হোয়াইটকে মনে করিয়ে দেন তিনি।

এদিকে, মার্কিন রাষ্ট্রদূত বিল হোয়াইট বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন। দুই পক্ষ একে অপরকে ভালোভাবে বুঝতে পেরেছে বলেও জানিয়েছেন তিনি। তবে, ওই পোস্টের জন্য তিনি ক্ষমা চেয়েছেন কি না, তা স্পষ্ট করেননি।

সূত্র: আনাদোলু এজেন্সি
এমআরএইচ/কেএএ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *