আসছে মনির খানের ‘মা’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সম্প্রতি এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অসুস্থ সন্তানকে ঘিরে মায়ের আবেগ ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে গানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটির গীতিকার ও সুরকার এইচ এম নিপু বলেন, “শফি মণ্ডলের ‘মরণের ফাইল’, চিশতি বাউলের ‘ও দয়াল’ এবং সুকুমার বাউলের ‘মানবদেহ’ গানের পর এবার মনির খানের কণ্ঠে আসছে ‘মা’।”
তিনি জানান, অসুস্থ সন্তানকে ঘিরে দুটি অনুভূতি গানটিকে আরও করুণ ও মর্মস্পর্শী করে তুলেছে-মায়ের অনুভূতি ও ধর্মীয় অনুভূতি। মা ও অসুস্থ সন্তানই গানের মূল দুটি চরিত্র। মরণব্যাধিতে আক্রান্ত ছেলের মৃত্যুর আগে মায়ের কাছে শেষ ইচ্ছা- মায়ের সামনে বসে কোরআন পড়তে চায় সে।
গানটি প্রসঙ্গে মনির খান বলেন, “এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ গানটি করলাম। এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ থেকে উঠে এসেছে। আশা করছি, গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে। হৃদয় ও মনকে সিক্ত করে তুলবে।”
গানটির জন্য নির্মাণ করা হয়েছে একটি ভিডিওচিত্রও। রেজা মাহমুদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘মা’ মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না, ফাল্গুনীসহ অনেকে।
‘মা’ গানটি শিগগির ইউটিউবের ‘চ্যানেল এইচ এম’-এ প্রকাশিত হবে।
এমআই/এমএমএফ


