আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সংকট নিরসনের আহ্বান সুব্রত চৌধুরীর
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিচার ব্যবস্থায় চলমান সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভবনের সামনের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের পুত্র-কন্যাকে সম্প্রতি নির্মমভাবে হত্যার ঘটনাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক ও অ্যাডভোকেট লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাউন কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি লতিফুর রহমান, সহ-সভাপতি আনোয়ারুল হক, নাজমা খানম প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রংপুরের চার খুনসহ এ পর্যন্ত সংঘটিত সব বিচারাধীন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, বিচার বিভাগে বিদ্যমান সংকট ও দুর্নীতি রাষ্ট্রের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
সমাবেশে জগলুল হায়দার আফ্রিক বলেন, এখনো দেশে মবের রাজত্ব চলছে। এ কারণে আইনের শাসনের কোনো বিকল্প নেই।
হাসান তারিক চৌধুরী বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ ও আইনজীবীদের জন্য রাষ্ট্রীয় বাজেট বরাদ্দ বহুগুণ বাড়াতে হবে। এ লক্ষ্যে অবাস্তব ও উচ্চাভিলাষী প্রকল্প বাতিল করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতির দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।
এফএইচ/কেএসআর


